দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী তবুও আজিজকে আর্মির চিফ করা হয়েছিল: ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ৫, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ৫, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সরকার অনেককে ডিঙিয়েই জেনারেল আজিজকে সেনাপ্রধান করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত। নয়জনকে স্যাংশন দিয়েছে বেনজীরসহ। এই হচ্ছে সরকারের অবস্থা। সাবেক সেনাপ্রধান আজিজকে অনেককে ডিঙিয়ে সেনাপ্রধান করা হয়েছে। তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী, তবুও তাকে এই আর্মির চিফ করা হয়েছিল। আর তাদের (আজিজ, বেনজীর) যে কাজ তা তারা করে দিয়েছিল, নির্বাচন পার করে দিয়েছিল।’
তিনি বলেন, আজকে গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। এই শাসন তারা করছে ভিন্ন পন্থায়। তারা একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মাসাদ তারা তৈরি করছে। কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারা বিরোধী কথা বলে তাদেরকে তুলে নিয়ে যায়।
মহাসচিব বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর একটা কথা বলেছেন। তিনি বলেছে, সাদা চামড়ার লোকেরা নাকি এখানে (বাংলাদেশে) এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজকে আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা। তারা (বিদেশী) কেন এটা চাইছে আর কেনইবা এত দেরিতে আপনারা এটা প্রকাশ করছেন সেটা আমরা জানতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন।’ আপনাদের হাতে স্বাধীনতা কোনদিনই নিরাপদ না।
তিনি আরও বলেন, আজকে যে ভয়াবহ দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে তাদেরকে সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলহাজ্ব মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ন মহাসচিব এডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ