দুই সদস্য ছাড়া সব পদেই আওয়ামী লীগ সমর্থকদের জয় - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই সদস্য ছাড়া সব পদেই আওয়ামী লীগ সমর্থকদের জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২১টি পদে জয় লাভ করেছে। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ২টি সদস্য পদে জয়লাভ করেছে। শনিবার প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন। সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়লাভ করেছেন।

এছাড়া ১০টি সদস্য পদের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকী দুইটিতে বিএনপি-জামায়াতপন্থি নীল দলের প্যানেল থেকে জয়লাভ করেন। সাদা প্যানেল থেকে যারা জয়লাভ করেছেন, তারা হলেন: হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। নীল প্যানেল থেকে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ জয়লাভ করেছেন।

এরআগে গত দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও দ্বিতীয় দিন ব্যালট পেপার ছিনতাই, আওয়ামী লীগ-বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি, মারামারি, দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষ হয়। মারামারির ঘটনায় নির্বাচন কমিশনের সঙ্গে জড়িত বিএনপি সমর্থক ৮ জন আইনজীবী আহত হয়েছেন বলে দাবি বিএনপির আইনজীবী নেতাদের।

আওয়ামী লীগ সমর্থক আইনজীবী নেতাদের দাবি তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জটিলতা মেটাতে প্রধান নির্বাচন কমিশনার বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠকে বসেন। ভোটকেন্দ্রে এমন বিশৃঙ্খলার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন ভোটগ্রহণ বন্ধ করে দেন। পরে বিকাল সাড়ে ৩টার পরে ফের ভোটগ্রহণ শুরু হয়। বিরতির সময় বাদে ২ ঘণ্টারও বেশি সময় নির্বাচন বন্ধ রাখা হয়েছিল। অবশ্য একারণে নির্বাচন কমিশন ভোটের সময় ১ ঘণ্টা বাড়িয়ে দেন। ককটেল বিস্ফোরণের পরে ঢাকা বারে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি সমর্থক আইনজীবীদের নীল প্যানেলের সমন্বয়ক ও ঢাকা বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফারুকী মানবজমিনকে বলেন, বুধবার ও বৃহস্পতিবার ১২টা পর্যন্ত ভালোই ছিল। কিন্তু ১২টার পরে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই, আমাদের ভোটারদের মারধর করে। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশনার ও সদস্যদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয় তারা।

তিনি বলেন, ঢাকা বারের মতো একটি পেশাজীবী সংগঠনের ভোটও সুষ্ঠু হয় না। নির্বাচনের আগে তারা আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছিল। আসলে সুষ্ঠু ভোটে তাদের আস্থা নেই।
তবে বিএনপিপন্থি এই আইনজীবীর অভিযোগ অস্বীকার করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম নেতা ও সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট ড. মোহাম্মদ জগলুল কবির মানবজমিনকে বলেন, দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একারণে একটু ঝামেলা হলে নির্বাচন কমিশন ভোট বন্ধ করে দেয়। কিছু সময় নির্বাচন বন্ধ থাকায় নির্বাচন কমিশন ১ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে। ভোট সুষ্ঠু হয়েছে।
বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, গত বছরও তারা নির্বাচনে অংশ নেয়ার পরে ভোট বর্জন করে। এটা তাদের স্বভাব। তাও ভালো ভোট বর্জন করেননি।
উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ করে। ওই র্নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ