দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা অবৈধ সরকারের পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুর উপজেলার আটপুরি গ্রামে যান রিজভী। সেখান নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই মুখপাত্র।

রুহুল কবির রিজভী বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’

আগুন নেভাতে গিয়ে নিহত নয়নকে ‘শহীদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, সচিবালয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। ফায়ার সার্ভিসের লোকজন তাদের জীবনবাজি রেখে আগুন নেভাতে কাজ করেছে, সোহানুর জামান নয়ন- তার মধ্যে অন্যতম। চলমান স্বাধীনতা রক্ষার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর জামান নয়ন। দেশের স্বার্থে নিজের জীবনবাজি রেখে শহীদ হয়েছেন নয়ন, সচিবালয়ের যে ফ্লোরে আগুন লেগেছিল, সেখানে গুরুত্বপূর্ণ ফাইল ছিল।’

নিহত নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান রিজভী। তিনি বলেন, দেশ থেকে পলাতক স্বৈরাচার হাসিনার মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছিল, সেই সব দুর্নীতির ফাইলগুলো উক্ত স্থানে ছিল। সেগুলো পুড়িয়ে দিতেই এই আগুন। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে।

বিএনপি’র এই নেতা আরও বলেন, এখনো দেশের সকল গুরুত্বপূর্ণ জায়গায় হাসিনার দোসরগুলো আছে। তারা চক্রান্ত করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্পিরিট অক্ষুন্ন রাখতে এখনো সোহানুর জামান নয়নরা জীবন দিয়ে যাচ্ছে। আজকে হাসিনা ও তার পুত্র জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ দিয়েছে এফবিআই। আরও কতো দুর্নীতি করেছে হাসিনা ও তার দোসরগুলো আল্লাহ জানে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি পৃথিবীর সকল দেশই সহমর্মিতা জানিয়েছে। শুধু পাশের একটি দেশ ব্যতীত।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ