দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ প্রহসনের নামান্তর: আ স ম রব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ প্রহসনের নামান্তর: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

 

মেগা প্রকল্পে বা বিদ্যুৎখাতে দুর্নীতি হয় নাই সরকারের এই বক্তব্য দুর্নীতির আগুনে ঘৃতাহুতির নামান্তর এবং দারিদ্র দূরীকরণসহ সমতাভিত্তিক ‘নীতি ও ন্যায্যতার’ সমাজ গঠনের অন্তরায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, ‘জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে দুর্নীতি, অপশাসন, অপচয়, অর্থপাচার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসহ সব কিছু অস্বীকার করার ‘বিপথগামী নীতি’ থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেএসডির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে আ স ম রব এ মন্তব্য করেন।

বিবৃতিতে রব বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয়, কোটি কোটি কালো টাকার মালিক উৎপাদন এখন চন্দ্র সূর্যের মতো বাস্তব ও প্রকাশিত। উন্নয়ন প্রকল্পের আড়ালে রাজনৈতিক প্রভাবে অতি সহজেই রাষ্ট্রের সম্পদ ‘অপহরণ’ হয়ে যাচ্ছে। ফলে ব্যাংকসহ সব আর্থিক খাত ঝুঁকিপ্রবণ, অনিশ্চিত ও বিপদসংকুল হয়ে পড়েছে।

রব বলেন, দেশের অনেকগুলো মেগা প্রকল্পের ব্যয় উপমহাদেশের যেকোন রাষ্ট্রের তুলনায় অত্যধিক। পদ্মা সেতু বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বহু মেগা প্রকল্পে প্রতিবেশী ভারতের চেয়ে অনেক বেশি নির্মাণ খরচেই প্রমাণ হয় এসব মেগা প্রকল্পে দুর্নীতির ফাঁদ পাতা রয়েছে। যদি দুর্নীতির অস্তিত্ব না থাকতো তাহলে বিশ্বে অতি দ্রুত ধনী দেশের তালিকায় বাংলাদেশ এক নম্বর হওয়ার কোনো সুযোগ হতো না। এই দ্রুত ধনীরাই গোপনে বিলিয়ন বিলিয়ন অর্থ দেশের বাইরে পাচার করছে।

জেএসডি সভাপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ প্রহসনের নামান্তর। জিরো টলারেন্স বাস্তবায়নের ক্ষেত্রে যেখানে সর্বদা সব উপায়ে দুর্নীতি দূরীকরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, গণতন্ত্র ও সুশাসন প্রয়োজন সেখানে সর্বগ্রাসী দুর্নীতিকে অস্বীকার বা উপেক্ষা করলে, ভয়াবহ দুর্নীতি আরো প্রণোদনা পাবে, দেশ চরম সংকটাপন্ন হয়ে পড়বে। এভাবে সব অন্যায়কে উপর্যপুরী অস্বীকার করার নীতি প্রয়োগ করতে থাকলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে মাফিয়া সুলভ কৌশল চালু হয়ে পড়বে যা প্রজাতন্ত্রের অস্তিত্বকে বিপন্ন করে ফেলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ