দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমুল্য লাগামহীন: ডা. ইরান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মেহনতি মানুষ দিশেহারা মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সরষেফুল দেখছে। নিত্যপণ্যের বাজারে আগুন জ্বলছে। সাধারণ মানুষ পুড়ে ছারখার হচ্ছে, তা দেখার কেউ নাই। মানুষের আয়ের সাথে ব্যায়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমুল্য আকাশ চুম্বি। দফায় দফায় চাল ডাল তেল পিয়াজ চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে। দেশে জনগণের সরকার না থাকায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমুল্য লাগামহীন হয়ে পড়েছে।
রবিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইরান বলেন, ‘মার্কিন ভিসা নীতি সরকারের অপকর্মের ফসল। দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দেশ আজ ভয়াবহ সংকট তৈরি হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি-লুটপাটের দায় জনগণের কাধে চাপিয়ে দিতে দফায় দফায় দাম বৃদ্ধি করছে, ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ হলেও অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প, আর দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাধে। বিদ্যুৎ উৎপাদনের কথা বলে নানা বাহবা নেওয়া হলেও আজ সারা দেশে ভয়াবহ লোডশেডিং এ জনজীবন দুর্বিসহ। বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কাচাঁমাল নেই। তিনি এই পরিস্থিতি বদলাতে ব্যবসায়ী তোষণকারী ফ্যাসিবাদী সরকার হটাতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় গ্যাসের মুল্যবৃদ্ধির পায়তারা বন্ধের দাবিতে ৫ জুন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
ঢাকা দক্ষিণের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুইঁ, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসচিব হুমাউন কবির, আবদুর রহমান খোকন, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা নাছিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য সাবিনা ইয়াসমিন, ছাত্র বিষয়ক সম্পাদক সৈকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি শুভ আহমেদ ও অর্থসম্পাদক সাইফুল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ