দুর্ভিক্ষকবলিত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ জিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দুর্ভিক্ষকবলিত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা প্রদানে সক্ষম হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্য।
আজ শনিবার (২৯ মার্চ ) দুপুরে বরিশাল সদর উপজেলার কৃষক দলের আয়োজনে বরিশাল সদর রোডস্থ বিএনপি’র পার্টি অফিস ও সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিকালে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
এসময় আবু নাসের বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। সার, বীজসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি করে কৃষি উৎপাদন ব্যাহত করে। বেশি দামে সামগ্রী ক্রয়ে ভারত নির্ভর করতে বাধ্য করে। কৃষির উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ দেশকে দুর্নীতি আর লুটপাটের রাজ্যে পরিণত করে। দেশজুড়ে চালিয়েছে খুন, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড। খুনী হাসিনা পালিয়েছে। দেশ মুক্ত হয়েছে স্বৈরাচারদের থেকে। মানুষ স্বস্তি পেয়েছে। তবে খুনীরা পালালেও তাদের দোসররা রয়েছে দেশের অভ্যন্তরে। তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ক্ষতিসাধনের পাঁয়তারা চালাবে।
আবু নাসের বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন জিয়াউর রহমান।
তিনি বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষকবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচিসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান।
এসময় সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্নার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলে যুগ্ম আহবায়ক চুন্নু হাওলাদার, স্বাধীনতা ফোরাম বরিশালের সদস্য সচিব নাজমুস সাকিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবার মুবিন, কড়াপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ রব সহ কৃষকদল ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়া লাকুটিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক সিকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটুসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার।
জনতার আওয়াজ/আ আ