দু-এক দিনের মধ্যেই উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৪, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দু-এক দিনের মধ্যেই উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, একজন বা দুজন ছাড়া প্রায় সব উপদেষ্টা ইতোমধ্যে তাদের সম্পদের বিবরণী জমা দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ কথা বলেন। ওই সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, “আমি আবারও বলছি, আপনারা এটি পাবেন। যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট জমা দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি পাবলিক করা হবে।”

২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী দ্রুত প্রকাশ করা হবে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে এলেও এতদিন তা প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়।

অর্থনীতিবিদ ও দুর্নীতিবিরোধী সংস্থার প্রতিনিধিরা বলে আসছেন, এই প্রকাশের মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ ছিল, কিন্তু দীর্ঘসূত্রতার কারণে সেই সুফল পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সংযোজন-বিয়োজনের পর বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন।

২০২৪ সালের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদবিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালা অনুযায়ী, উপদেষ্টাদের জমা দেওয়া সম্পদের বিবরণী প্রধান উপদেষ্টার বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ