দেশব্যাপী স্বতঃস্ফূর্ত হরতাল পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশব্যাপী স্বতঃস্ফূর্ত হরতাল পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ব্যবসায়ীরা স্বেচ্ছায় দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। প্রশাসন ও মালিক সমিতির নির্দেশনার পরও চলেনি গণপরিবহন। দেশের কোথাও থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ রুটে কিছুটা গণপরিবহন চলাচল করে। এদিকে গতকাল হরতালের পক্ষে অবস্থান নিয়ে দেশের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ- সংগঠন। অন্যদিকে, সকাল থেকেই হরতালের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। এদিকে নাশকতা ঠেকাতে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল করেছে ঝিনাইদহ বিএনপি। গতকাল সকালে জেলা বিএনপি’র আয়োজনে এম এ মজিদের নেতৃত্বে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এইচএসএস সড়কের বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ। মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এডভোকেট কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পাপ্পু, আলমগীর হোসেন আলম, মো. শাহজাহান আলী, আহসান হাবিব রওনক, মোসতাক হোসেন, মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি ও জামায়াতের সকাল-সন্ধ্যা ডাকা হরতালের প্রভাব পড়েছে ঝিনাইদহে। মহাসড়কে চলছে না পণ্য ও যাত্রীবাহী যানবাহনসহ দূরপাল্লার সকল পরিবহন। শহরে বন্ধ রয়েছে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। হঠাৎ এই হরতালের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণের।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে সকাল-সন্ধ্যা হরতালে গতকাল সকাল থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ইটেরপুল, জকসিন ও মান্দারীসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে। পরে বিক্ষোভ মিছিল করে পিকেটাররা। এ ছাড়া জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

খুলনা থেকে জানান, খুলনা নগরীতে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভারী যানবাহন চলাচল বৃদ্ধি পেতে থাকে। যথা সময়ে ট্রেন ছেড়ে গেছে। হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, দোকানপাট যথারীতি খুলেছে। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল কেন্দ্র ঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী মিছিল ও পিকেটিং করেছে। সকাল থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে। মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের নেতৃত্বে অন্যদের মধ্যে খুলনা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি আমিরুল ইসলাম, খুলনা সদর থানা আমীর মাওলানা আবু তারিন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, ছাত্রশিবির নেতা মুহা. সাহাল, মুহা. আবু রাহাত প্রমুখ নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি’র অগ্নিসন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরের বেশকিছু স্থানে শান্তি সমাবেশ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।

নওগাঁ প্রতিনিধি জানান, কোনো পিকেটিং ও হরতালের পক্ষে স্থানীয়ভাবে প্রচারণা ছাড়াই নওগাঁয় শান্তিপূর্ণভাবে বিএনপি’র ডাকে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। তবে হরতালের বিপক্ষে সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের শহরে মিছিল করতে দেখা গেছে। সকাল থেকে জেলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল অধিকাংশ দোকানপাট, মার্কেট, শপিং মল বিপণিবিতান বন্ধ রয়েছে। তবে শহরে রিকশাভ্যান, অটোরিকশা চলাচল করছে। সরকারি বেসরকারি অফিস আদালতে তুলনামূলক উপস্থিতি কম।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা শহরসহ গাংনী ও মুজিবনগরে গতকাল সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও মালামালবাহী যানবাহনসহ নছিমন-করিমন এবং অটোভ্যান চলাচল স্বাভাবিক নিয়মে চলছে। জেলা শহরসহ জেলার সকল এলাকার বাজারগুলোর দোকানপাট স্বাভাবিক নিয়মে খোলা রয়েছে। এদিকে হরতাল সফল করতে মেহেরপুর সদর উপজেলা ও মেহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগে গতকাল দুপুরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এর আগে সকাল ১১টার দিকে হরতালের বিপক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল জেলা শহরে বের করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, গতকাল সকাল থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের শহরের থানা পয়েন্ট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে পিকেটিং করতে দেখা যায়। বেলা ১১টার দিকে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দিরাই বাজার এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশীদ। বক্তব্যে তিনি বলেন, ঢাকায় বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত হরতাল দিরাইয়ে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। ভবিষ্যতেও দলীয় যেকোনো কর্মসূচি সফল করতে দিরাই বিএনপি প্রস্তুত রয়েছে। এদিকে দুপুর ১২টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ ও সাড়ে ১২টায় উপজেলা আওয়ামী লীগের মোশাররফ-সোহেল-রঞ্জন সমর্থক অপর অংশ বিএনপি’র নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও হরতালের প্রতিবাদে পৃথক মিছিল ও সমাবেশ করেছে।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, রামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। গতকাল সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম বা চৌমুহনী ও নোয়াখালীগামী বাস কাউন্টার ছিল বন্ধ। ছেড়ে যায়নি কোনো গণপরিবহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার পাশাপাশি, পিকআপ ও মালবাহী পরিবহন চলাচল ছিল স্বাভাবিক। তবে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ ও চৌমুহনী-মাইজদিগামী বাস এবং সিএনজি বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েন মারাত্মক দুর্ভোগে। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরের নেতৃত্বে গত শনিবার রাতে হরতাল বিরোধী একটি মিছিলের আয়োজন করা হলেও বেলা ২টা পর্যন্ত হরতালের পক্ষে-বিপক্ষে উপজেলা শহরে বিএনপি বা আওয়ামী লীগের কারও কোনো মিছিল বা সভা সমাবেশ করতে দেখা যায়নি।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, গতকাল সকাল-সন্ধ্যা হরতাল ডোমারে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। হরতালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালে মাঠে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা কয়েক দফা হরতাল বিরোধী মিছিল বের করে। হরতালে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ ছিল। মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ। বিএনপি’র নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা না গেলেও সকাল থেকেই শহরের প্রায় সব দোকানপাট বন্ধ ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ