দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে এফইএবি-এর সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে ও এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের পরিচালনায় বিশিষ্ট প্রকৌশলীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডা. শফিকুর রহমান বলেন, প্রকৌশলীরা হলেন জাতির কারিগর। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমাদের অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিনে প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের অবকাঠামোগত উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি শিক্ষার প্রসার এবং উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ফোরামের কার্যক্রমের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন এফইএবি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুর রহমান।
প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ ছাড়া অনুষ্ঠানে সারা দেশ থেকে সিনিয়র ও প্রাজ্ঞ প্রকৌশলীরা উপস্থিত থেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ