দেশের মানুষকে শাস্তি দেওয়ার কোনো অধিকার এই নিশিরাতের সরকারের নাই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, নিত্যপণ্যের বাজারে আগুন। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। মনে হচ্ছে জ্বলন্ত চিতার ওপর আছে দেশের মানুষ। দেশের মানুষ আজ কর্মহীন-দিশাহীন, তার ওপর অত্যধিক মূল্যবৃদ্ধির জন্য দেশ আজ জ্বলন্ত চিতার ওপর দাঁড়িয়ে। সরকারি দলের লুটপাটের জন্য দুদিন পর পর নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেশের মানুষকে শাস্তি দেওয়ার কোনো অধিকার এই নিশিরাতের সরকারের নাই।
আজ শনিবার বিকেলে রাজধানীর পূর্বপান্থপথের এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে এলডিপি। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
ড. রেদোয়ান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এ দেশে কোনো সুষ্ঠু ভোট হয়নি। সরকারি দলের কর্মীদের চাপে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছেন না নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তারা। এলডিপি শুরু থেকেই বলে আসছে এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আমরা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাব না।
তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দল যখনই কোনো সমাবেশের ডাক দিয়েছে, তখনই সরকার সমাবেশকে বানচাল করতে কৌশলে সড়ক পথে গণপরিবহন এবং নদীপথে ট্রলার ও নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে। হামলা করে নেতাকর্মীদের আহত করেছে, মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করেছে, গ্রেপ্তার করে নির্যাতন করেছে। বিনা দোষে জেল খাটিয়েছে। অন্যদিকে সরকারি দলের সমাবেশ সফল করার লক্ষ্যে স্পেশাল ট্রেন, বাস ও লঞ্চ সার্ভিস চালু করেছে।
ড. রেদোয়ান আরও বলেন, আজকের সমাবেশ থেকে আমি বলছি আর কোনো দাবি নাই, দাবি একটাই—এই সরকারের পদত্যাগ। এই জালিম সরকারের পদত্যাগ ছাড়া এ দেশে কখনই শান্তি আসবে না।
বিক্ষোভ মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কবির উদ্দিন, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবদুস সামাদ, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মো. সোলায়মান, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের সভাপতি খোকনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
কর্মসূচি
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে এলডিপি।
জনতার আওয়াজ/আ আ