দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পারওয়ার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৬, রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পারওয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৮, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৮, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিশু একাডেমি মিলনায়তনে গতকাল দলের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: খবরের কাগজ
দেশে যত গণ্ডগোল পাকানো হয়, তার সবকিছুর কন্ট্রোল দিল্লি থেকে করা হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় পেয়েছেন। এ দেশের রাজনীতির যত গণ্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি–সবকিছুর রিমোট কন্ট্রোল তো ওনারাই করেছেন। খবর ইউএনবির।

শুক্রবার (১৭ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দলের সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন, বন্দিবিনিময় আইন, জেনেভা কনভেনশন, সবকিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সব ধরনের প্রযুক্তিগত সুযোগ-সুবিধা দিয়ে আরাম-আয়েশে দিল্লিতে থাকার সুযোগ দিয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক বলে মনে করা যাবে না।

দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটি কার্যকর করে সংবিধানের সেই সংস্কারটা করেন। তাহলেই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।’

শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আইনি ব্যাপার, সরকারের ব্যাপার। সরকারই তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ রেখেছে। সরকারই সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকার জুলাই-আগস্টের সময় সাধারণ মানুষের ওপর যে নিষ্ঠুরতা, বর্বরতা, হত্যাকাণ্ড চালিয়েছে, মৃতদেহকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এমনকি হেলিকপ্টারে করে দেশের মানুষের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সে ক্ষত চিহ্ন এখনো শুকায়নি। তারা যে অন্যায় করেছে, তাদের বিচার হতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্বৈরাচারী সরকার সংবিধান মানেনি, তাদের মধ্যে মানবিকতা ছিল না। স্বৈরাচারী সরকারকে জনগণ দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার হবে কী হবে না, এটি এখন জনগণ সিদ্ধান্ত নেবে। এটি কোনো দলের একার সিদ্ধান্ত নয়। জুলাই গণ-অভ্যুত্থানই বলে, ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এ দেশের মানুষ আর মানে না। গণভোটের রায় এটিই প্রমাণ করেছে।

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে সদস্য সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এমপি সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার ও কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ অন্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ