দেশে উন্নয়নের জোয়ার চলছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে উন্নয়নের জোয়ার চলছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে উন্নয়নের জোয়ার চলছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উন্নয়ন বলতে সরকার কী বুঝাতে চায়? আইয়ুব খানও উন্নয়ন করেছেন। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের। যারা হাজার হাজার লাখ কোটি টাকা লুট করেছে তাদের উন্নয়ন হয়েছে। কোভিটের মধ্যেও তারা বিদেশে টাকা পাচার করেছে।

তিনি বলেছেন, আগে শুনতাম ছাত্ররা নকল করতো এখন শুনি শিক্ষকরাও নকল করে। আগে ভোট হতো দিনে এখন হয় রাতে। আগে মানুষ থাকতো ফাস্ট হোমে এখন থাকে সেকেন্ড হোমে। আগে শুনতাম গুলশান-বনানী, এখন শুনি বেগম পাড়া। এই উন্নয়নে আমরা বাস করছি।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ।

নজরুল বলেন, যে মানুষটিকে সবচেয়ে বেশি স্মরণ করার কথা, শ্রদ্ধা করার কথা, বাংলাদেশ বিনির্মাণে যার সবচেয়ে বেশি অবদান, সেই জিয়াউর রহমানকে মিথ্যা অভিযোগে আজ সমালোচনা করা হচ্ছে। জিয়াকে বীর উত্তম খেতাব দেওয়ায় সেই খেতাব সম্মানিত হয়েছে। অথচ যাদের মুক্তিযুদ্ধে সরাসরি কোনো অবদান নেই, তারাই তার খেতাব কেড়ে নেওয়ার অপচেষ্টা করেছে।

তিনি বলেন, আজ জেলা ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকার মালিক। তাহলে মূল দল ও কেন্দ্রীয় নেতারা কী পরিমাণ টাকা লুটপাট করেছেন? শেয়ারবাজার লুট হয়েছে, ব্যাংক আজ ফোকলা। বিদ্যুৎ, গ্যাস, তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা লুট করে সৃষ্টি করা হচ্ছে এসব বেগম পাড়া।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জিয়াউর রহমানের শত্রুরাও বলতে পারবে না তিনি দুর্নীতি করেছেন। তার ব্যাংকে কোনো টাকা ছিল না, ঢাকায় তার কোনো বাড়ি নেই। তিনি তার কোনো ভাই-বোন বা কাছের আত্মীয়কে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেননি। তারই সহধর্মিণী খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আপোসহীন সংগ্রাম করে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আজ সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে অন্তরীণ করে রেখেছে। যার বাবা স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী সেই তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে ফেরারি করে রেখেছে। দেশ ও গণতন্ত্র উদ্ধারে আজ প্রয়োজন বিপ্লব। আর এ বিপ্লবে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নিতে হবে।

সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ রাজা, জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ