দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৬, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৬, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশিমাত্রায় বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্নমত ও পথের মানুষদের ওপর নানান কায়দায় দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে দখলদার সরকার।

তিনি আরও বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে এক জুলুমের নগরীতে পরিণত করা হয়েছে। মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ।

সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে মো. কফিল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ