দেশে এনে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রবিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউর বলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সব আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ। গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়।’
তিনি বলেন, ‘তদন্তকালে আসামিদের গ্রেফতারের আবেদন করবে প্রসিকিউটর টিম। আগে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনও আইনগত জটিলতা নেই। দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে।’
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউটর দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানায় নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর টিম। একটি মামলায় ২৯ সাংবাদিকদের নাম দেওয়ার বিষয়টি যাচাই-বাছাই করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও চার প্রসিকিউটর উপস্থিত ছিলেন। তারা হলেন– মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।
জনতার আওয়াজ/আ আ