দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী- এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি উপহার দিতে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা করছি।

তিনি বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাসপাতালে রোগীর চাপ কমিয়ে আনা। এজন্য সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী। প্রধানমন্ত্রী আরও বলেন, এই স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়বেন। তারা বিশেষ করে পরিবারের নারী প্রধানদের খাদ্যের গুণাগুণ ও সঠিক খাদ্যাভ্যাস নিয়ে সচেতন করবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব হলে হাসপাতালের ওপর বাড়তি চাপ কমবে।
এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। হরিনারবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরপর বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে যোগ দেন তিনি।
জনতার আওয়াজ/আ আ