দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে: আ স ম রব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

রবিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকারকে হরণ করে, অন্যায়, অনৈতিক ও অপশাসন কায়েম করে মুক্তিযুদ্ধের কবর রচনা করেছে এবং সকল অপকর্মে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বঙ্গবন্ধুকে ক্ষোভের লক্ষবস্তুতে পরিণত করেছে। সুতরাং, জাতীয়, ভূ-রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় আমাদেরকে রণনীতি রণকৌশল নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, এখন লড়াই করতে হবে রাষ্ট্রকে পুনরুদ্ধারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করার জন্য। প্রচলিত ব্যক্তি কেন্দ্রিক বা শুধুমাত্র দল কেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থা ছুড়ে ফেলে দিতে হবে। কারো কারো জন্য নয়-সকলের জন্য রাষ্ট্র তৈরি করতে হবে। আর নবতর এই লড়াইয়ের নাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যা ধ্বংসপ্রাপ্ত, দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং ব্যর্থ রাষ্ট্রকে উচ্চতম মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করবে।

দেশের সকল নাগরিককে দল মত নির্বিশেষে সক্রিয়ভাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জেএসডি সভাপতি বলেন, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রত্যেককে অর্থাৎ ছাত্র, শ্রমিক, পেশাজীবী, কর্মজীবী ও শ্রমজীবী সবাইকে স্ব স্ব জায়গা থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলন ও দেশ গঠন তথা জাতি বিনির্মাণে সবাইকে সম্পৃক্ত করতে হবে। এই ধরনের কার্যকর আন্দোলনে একদিকে জাতীয় ঐক্য গড়ে উঠবে অন্যদিকে সরকারের পতন ত্বরান্বিত করবে। এটা নিপীড়নমূলক বাংলাদেশকে বদলে দেবে, অন্যায় অবিচারের হাহাকার বন্ধ হবে। গণমুখী শাসন কায়েম হবে। এটাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ দিক। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক বলেন, সরকার আজকে হীনমন্যতা জায়গা থেকে ২রা মার্চ এই দিবসটি পালন করেন না। আওয়ামী লীগ গভীর হীনমন্যতা থেকে কেউ ছোট হয়ে যায় কিনা সেটা ভেবে তারা এই দিবসটি পালন করে না।

তিনি আরও বলেন, বাস্তবে আওয়ামী লীগ আজকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে তারা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাড়িয়েছে। তারা আজকে গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশকে আজকে তারা গভীর একটা বিপদের দিকে নিয়ে গেছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। যে আওয়ামী বঙ্গবন্ধুর তৈরি গরীবের মুজলুমের আওয়ামী লীগ ছিল সেটা আজকে লুটেরাদের আওয়ামী লীগে পরিনত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ