ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ‘পিস্তল’সহ আটক দুই - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ‘পিস্তল’সহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ২:১৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা।

রোববার (৭ জুলাই) রাত দশটার দিকে ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। তাদের দুজনের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায়।

জানা গেছে, ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে রাখা ছিল পিস্তল। লিটন নামে এক আওয়ামী লীগ কর্মীর নজরে আসে পিস্তলের মতো কিছু একটা। এ সময় অন্য নেতাকর্মীরা দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

ধর্মমন্ত্রী তখন ডাকবাংলোতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে ইসলামপুর থানা পুলিশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভলবার সদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে মারধর করে পুলিশে খবর দেয়। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আটকের সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি সুমন তালুকদার।

এ বিষয়ে জানতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে ফোন দিলে ফোনটি রিসিভ হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ