ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে : রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির মনোনয়ন না পেলেও ভোটে লড়তে অনড় ব্যারিস্টার রুমিন ফারহানা অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে ভোটে লড়বেন। তিনি হাঁস প্রতীক চাইবেন বলে জানা গেছে।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে এ আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এ পরিকল্পনায় আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন।

রাব্বুল আলামিন কী অদ্ভুত পরিকল্পনা—২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা মানুষের বোঝার বাইরে।’
নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে রুমিন ফারহানা আরো বলেন, ‘আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটা আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। মানুষ যে ভালোবাসা এবং আস্থা-বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।


এ সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একই আসন থেকে বিএনপির জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিব তার মনোনয়ন ফরম জমা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ