ধান্দাবাজদের নমিনেশন দিলে দেশের কল্যাণ হবে না: মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধান্দাবাজদের নমিনেশন দিলে দেশের কল্যাণ হবে না: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনে ধান্দাবাজদের নমিনেশন দেওয়া হলে দেশের কল্যাণ হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, “সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের সময় যদি নমিনেশন ধান্দাবাজদের দেওয়া হয়, তাহলে তারা দেশের কল্যাণ করতে পারবে না। ভালো দেশ চাইতে হলে ভালো সরকার আসতে হবে। ভালো সরকার আসতে হলে, ভালো দলকে ভোট দিতে হবে।”

“বাংলাদেশে যে নির্বাচন ভালোভাবে হবে এটার গ্যারান্টি কি প্রফেসর ড. ইউনুস দিতে পারবেন” বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে বেশিরভাগ ছাত্রই রাজনীতির সাথে যুক্ত— এমন মন্তব্য করে মান্না বলেন, “আগে মানুষ বলতো ভালো লোকেরা রাজনীতি করে নাকি। কিন্তু এখন দেখা যায় বেশিরভাগ ছাত্রই রাজনীতির সাথে যুক্ত। মাত্র এক বছর আগেও ফেসবুকে সবাই ‘আই হেট পলিটিক্স’ হ্যাস ট্যাগ লিখে পোস্ট করেছে। কিন্তু সেই জায়গা থেকে ব্যাপকভাবে ছাত্ররা এখন রাজনীতিতে যুক্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “এই রাজনীতির মধ্যেই ঢুকতে হবে এবং রাজনীতি বুঝতে হবে। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার জায়গায় নিজেদেরকে অংশ নিতে হবে, ভোট দিতে হবে।”

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “এখন আর ফ্যাসিবাদ নাই যে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এখন দেশকে গড়বার জন্য লড়াই করতে হবে। কিভাবে অভাব কমাতে হবে, সুষম বণ্টন করতে হবে, কিভাবে জনগণের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করবে।”

শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “শিক্ষাব্যবস্থাকে এখন উন্নত করতে হবে। যারা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারে, এমন লোককে দায়িত্বে নিয়ে আসতে হবে।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছি না। কেবলমাত্র ক্ষমতার পালাবদলের জন্য লড়াই করছি না। আমরা গুণগতভাবেই দেশকে পরিবর্তন করতে চাই। মানুষের জীবনযাত্রার মানকে বদলাতে চাই। আমরা সুখী একটি সমাজ গড়ে তুলতে চাই।”

আলোচনা সভায় এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ নাগরিক ঐক্যের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ