নগরীর চর জেলখানা মৌজার জমির মূল্য নিয়ে অসন্তোষে এলাকাবাসী আন্দোলনের হুশিয়ারী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক :
ময়মনসিংহ সিটি করপোরেশনে জেলখানার পাশেই ২০১৬ সালে অধিগ্রহণ করা চর জেলখানা মৌজায় ভূমির মূল্য নির্ধারণ নিয়ে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। যেখানে সিটি করপোরেশনের পাশে সদর উপজেলায় চর গোবিন্দপুর মৌজায় প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারিত হয়েছে ১,৭৫,০০০ টাকা, অথচ সিটি করপোরেশন এলাকায় চর জেলখানা মৌজায় সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, একই ধরনের ভৌগলিক অবস্থান ও বেশি অবকাঠামো থাকার পরেও চর জেলখানার জমির মূল্য কম ধরা হয়েছে, যা সম্পূর্ণভাবে অন্যায় ও বৈষম্যমূলক। জমির মালিকরা এই বিষয়ে জেলাপ্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায়, তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন।

হাইকোর্ট ইতিমধ্যেই বিষয়টি আমলে নিয়ে আগামী দুই মাসের জন্য সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং নতুন করে সুষ্ঠুভাবে মূল্য নির্ধারণের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনার পর চর জেলখানাবাসীরা স্বস্তি প্রকাশ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এলাকাবাসীর উদ্যোগে আজ চর জেলখানা নদীর পাড়ে পথসভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “আমরা আমাদের জমি বিনা মুল্যে দিতে রাজি নই। আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে আমরা আরও বড় আন্দোলনে যাব।”
এ সময় আবুল হোসেন ফকিরের সভাপতিতে ও জামিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাবের হোসেন, শহীদুল ইসলাম লিটন, এনামুল হক তারেক, সাঈদ হোসেন, আশিষ নন্দীসহ আরো অনেকেই।
এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার জানায়,হাইকোর্টের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করা হচ্ছে। আর যে সকল জায়গার টাকা পরিষদ করা হয়েছে সেখানে মাটি বরাটের কাজ চলমান রয়েছে।
এলাকাবাসী আশা করছেন, আদালতের হস্তক্ষেপের মাধ্যমে চর জেলখানার জমির মূল্য পুনর্র্নিধারণ করে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
জনতার আওয়াজ/আ আ