নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘জুলাই স্মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আলোচনায় উপাচার্য বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কাজ করতে পারছি। দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যারা আন্দোলনে বাধা দিয়েছিল কিংবা নির্যাতনে অংশ নিয়েছিল, তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাদের সম্পর্কে তথ্য এখনও মেলেনি, সেই সংক্রান্ত তথ্য থাকলে তদন্ত কমিটিকে সরবরাহ করে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর ‘জুলাই স্পিরিট’-এর মতো জাতিগত ঐক্যের এমন উজ্জ্বল উদাহরণ আর দেখা যায়নি। এই চেতনা কখনও বিলীন হবে না। ভবিষ্যতে কোনো স্বৈরাচারী বা অন্যায়কারী সরকার টিকে থাকতে পারবে না।

নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে উপাচার্য জানান, ৫ আগস্ট ভোরে কারফিউ ভেঙে আমি শহিদ মিনারে যাই, তারপর রাজু ভাস্কর্যে গিয়ে আন্দোলনে অংশ নিই, তখন চারদিকে বৃষ্টি পড়ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি’র আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

স্বাগত বক্তব্য প্রদান করেন আলোচনাসভা উদযাপন কমিটির সদস্য-সচিব ও লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার, বাংলা বিভাগের অধ্যাপক ড. তারানা নুপুর, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা তাঁদের অভিজ্ঞতা ও আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে আয়োজনের সূচনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ