নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা প্রিয়মনি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা প্রিয়মনি। প্রথমবার টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। তাও আবার বাংলাদেশ টেলিভিশনে। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছায়াছন্দ’-এ এবার উপস্থাপনা করবেন প্রিয়মনি। সম্প্রতি রামপুরায় বিটিভির কেন্দ্রে অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন করেন তিনি।
কাজটি করতে পেরে বেশ উচ্ছ্বসিত প্রিয়মনি। নায়িকা বলেন, ছোটবেলায় ‘ছায়াছন্দ’ ছিল আমার প্রিয় অনুষ্ঠান। ঈদের সময় প্রচারিত হওয়া ‘ছায়াছন্দ’ দেখার সময় নাওয়া খাওয়া ভুলে যেতাম। তখন লোডশেডিং হতো প্রচুর। ছায়াছন্দ দেখার সময় বিদ্যুৎ চলে গেলে মনটাই খারাপ হয়ে যেত।
অভিনেত্রী জানান, এর আগে কখনো উপস্থাপনা করিনি। এবারই প্রথম উপস্থাপনা করলাম। তাও পছন্দের একটি অনুষ্ঠান- ভাবতেই ভালো লাগছে। পাশাপাশি বলেন, ‘আমি অভিনয়ে ফোকাসড। যদি বিশেষ কোনো আয়োজনে সঞ্চালনার সুযোগ আসে তাহলে ভেবে দেখব।’
চলচ্চিত্রে কাজের ক্ষেত্রে রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়মনি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এর আগে প্রিয়মনি অভিনীত ‘কসাই’ মুক্তি পায়। যেটি পরিচালনা করেন অনন্য মামুন।
জনতার আওয়াজ/আ আ