নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা রুখতে হবে : চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা রুখতে হবে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। ইসলামি শিক্ষাকে সিলেবাস থেকে বিতাড়ন করা হয়েছে এবং সার্বিক পর্যালোচনায় এমন বহু বিষয় আছে যা এ দেশের মানুষের বোধ-বিশ্বাস, সামাজিক পুঁজির সঙ্গে সাংঘর্ষিক। বিজ্ঞানের নামে বিজ্ঞান অসমর্থিত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের সচেতন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা ও চক্রান্ত রুখে দেবে।

আজ শুক্রবার সকালে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ফাল্গুনের মাহফিলের তৃতীয় দিন সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র আন্দোলন আদর্শিক ছাত্র রাজনীতি চর্চা করছে। শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে ছাত্র আন্দোলনের কার্যক্রম প্রশংসনীয়। সারা দেশে পরিশুদ্ধ নেতৃত্ব গড়তে শিক্ষার্থীদের ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আদর্শিক জীবন গঠনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা নুরুল হুদা ফয়েজী, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আহমদ আবদুল কাইয়ুম, লোকমান হোসেন জাফরী, নেছার উদ্দিন, জি এম রুহুল আমীন, মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ, নুরুল করীম আকরাম, মাওলানা নুরুল ইসলাম আল আমিন প্রমুখ।

ছাত্র গণজমায়েতে বক্তারা বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, বইয়ের বিভিন্ন গল্পের উদাহরণে যেসব চরিত্র ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশের নামে দেশীয় ছাপ নেই বরং সুকৌশলে পাশ্চাত্য এবং ব্রাহ্মণ্যবাদী বিভিন্ন নাম ও প্রতীক ব্যবহার করে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। ভুলে ভরা পাঠ্যবই রচনার সঙ্গে জড়িতদের ভিন্ন কোনো রাজনৈতিক দূরভিসন্ধি আছে কিনা তা খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা বলেন, এই বই সংশোধন না বরং বাতিল করতে হবে এবং সত্যনিষ্ঠ শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে নতুন করে বই রচনা করতে হবে।’

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসভাপতি নূরুল বশর আজিজী, সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।

এদিকে চরমোনাইয়ের নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ইমামতিতে আজ শুক্রবার দেশের বৃহৎ জুমার নামাজ হয় চরমোনাই ময়দানে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীরের আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম শেষ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ