নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করাতে হবে:ঈসা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ

শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের প্রিয়জনকে বেশি বেশি বই উপহার দেয়ার মধ্য দিয়ে তাদেরকে যদি বইমুখী করতে পারি তাহলে নতুন প্রজন্মকে মাদক ও অন্ধকার থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রতিটি বই আমাদের জীবনের কথা বলে। বিশিষ্ট লেখক ও চিকিৎসক খোরসেদ আলম তার থ্রিলার ‘ নীল কাঁকড়া ‘ বইটিতে কোলন ক্যান্সার ও ক্রসফায়ারের ভয়াবহতা তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি তার গল্পের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। অসাধারণভাবে তিনি তার লেখনীর মধ্য দিয়ে একটি মেসেজ দিয়েছেন, যেকোনো হত্যাকান্ডই মানুষের জীবনকে দূর্বিষহ করে তোলে। যে দেশে যেকোনো অপরাধের সুনির্দিষ্ট আইন রয়েছে, সে দেশে ক্রসফায়ারের নামে হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করার দায়ভার রাষ্ট্রকে কেনো নিতে হবে।
১৩ ই ফেব্রুয়ারি, সোমবার অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টিমনি খান রণের উপস্থাপনায় বক্তব্য রাখেন লেখক ডা. খোরসেদ আলম, কথাসাহিত্যিক তৌহিদুল ইসলাম, নাগরিক ভাবনার আহবায়ক হাবিবুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ হারুন, লেখকের সহধর্মণী আসমা উল হুসনা পূর্নি সহ প্রমুখ।
অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত বইটি ক্যান্সারে আক্রান্ত সকলের প্রতি উৎসর্গ করা হয়েছে।বইটির প্রচ্ছদ করেছেন ২০২৩ সালে বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত ধ্রুব এষ। বইটির মূল্য ধরা হয়েছে ২৭৫ টাকা, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের অনন্যা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।
এর আগে মো. নেওয়াজ শরীফের স্বরলিপি পাবলিকেশন থেকে ‘ উৎকৃষ্ট কুকুর, নিকৃষ্ট মানুষ ‘ বইয়ের মোড়ক উন্মোচন মোঃ মঞ্জুর হোসেন ঈসা অংশগ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ