নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘ইশতেহার’ প্রত্যাশা এনসিপি নেতাকর্মীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। সে লক্ষ্যে রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে সংগঠনটি। বিকাল ৪টায় আনুষ্ঠানিক সমাবেশ শুরুর কথা থাকলেও যথাসময়ে শুরু হয়নি। নতুন বাংলাদেশের ইশতেহারে নতুন বাংলাদেশ বিনির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা ও নির্দেশনা থাকবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা।
মোহাম্মদপুর থেকে আসা এনসিপির সমর্থক নাহিদ হাসান বলেন, ৩ আগস্টেও আমরা শহীদ মিনারে এসেছিলাম। তখন ডাকে শহীদ মিনারে এসেছিলাম—আজ এক বছর পর তাদের রাজনৈতিক দলের ডাকেই শহীদ মিনারে এসেছি। যেহেতু গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিস্ট সরকার ও সিস্টেমের বিরুদ্ধে, তাই নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা আমাদের। নাহিদ ইসলাম যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন, তাতে নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা থাকবে, এটায় প্রত্যাশা।
ঢাকা কলেজের শিক্ষার্থী ইশরাক বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। চাঁদাবাজিমুক্ত, গুম-খুনমুক্ত, ঘুষমুক্ত, নাগরিক অধিকারের বাংলাদেশ। আজকের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহারে সেই রূপরেখা থাকবে আশা করছি।
এদিকে পূর্বঘোষিত বিকাল ৪টার আগেই সমাবেশস্থলে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে নেতাকর্মীদের আসতে দেখা গেছে। তাদের হাতে জাতীয় পতাকা ও এনসিপি লেখা পতাকা শোভা পাচ্ছে। কেউ কেউ মাথায় বেঁধেছেন জাতীয় পতাকা। এছাড়া মঞ্চে থেমে থেমে চলছে কবিতা আবৃত্তি ও বক্তৃতা।
জনতার আওয়াজ/আ আ