নদনদীর পানি বাড়ছে, ২৪ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নদনদীর পানি বাড়ছে, ২৪ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ভারতের উজানে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের প্রভাবে বাড়তে শুরু করেছে নদনদীর পানি। দেশের অন্তত ৭৫টি পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। এতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১৬ জুন) সকালে সংস্থাটির বন্যা তথ্য কেন্দ্রের দেওয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এই সময়ে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটাসহ সিলেট অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে বিপদসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এছাড়া শনিবার সকালের মধ্যে তিস্তা নদী ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও বন্যা তথ্য কেন্দ্রের বুলেটিনে জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানে বৃষ্টিপাতের তথ্য তুলে ধরে বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত পর্যবেক্ষণ পয়েন্টগুলোর মধ্যে সিলেটের লালাখাল পয়েন্টে ২১৬, জাফলংয়ে ২১১, চিলমারীতে ১১১, নাকুগাঁও পয়েন্টে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আরও অন্তত ১৬টি পয়েন্টে বৃষ্টি হয়েছে সর্বনিম্ন ৬০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৯৫ মিলিমিটার পর্যন্ত।

একই সময়ে উজানে ভারতের অভ্যন্তরের শুধু চেরাপুঞ্জিতেই বৃষ্টি হয়েছে ৪২৬ মিলিমিটার। গ্যাংটকে হয়েছে ১১৫ মিলিমিটার। উজানের অন্য পয়েন্টগুলোতেও সর্বনিম্ন ৪৬ মিলিটার থেকে সর্বোচ্চ ৮২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী এই বৃষ্টিপাতের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের নদনদীর অন্তত ৭৫টি পয়েন্টে পানি বেড়েছে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ