নভেম্বরের মধ্যে সকল জেলা উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আগামী নভেম্বরের মধ্যে দেশের সব জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হবে বলে জানায় দলটি। এই উদ্দেশ্যে নেতারা রাজশাহীসহ আটটি জেলা ও একটি মহানগরে সাক্ষাৎকার নিচ্ছেন বলে রাজশাহী সফর কালে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন দলটির নেতারা।
রাজশাহীর পর্যটন মোটেলে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম (আহবায়ক), সার্জিস আলম (উত্তরাঞ্চল মুখ্য সংগঠক), নাহিদা সারওয়ার নিভা (সিনিয়র যুগ্ম সদস্য সচিব), আব্দুল হান্নান মাসউদ (সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক), ইমরান ইমন (রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক)সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, “আওয়ামী লীগ ও ভারতের রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে বিএনপি–জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। এবার জাতীয় নাগরিক পার্টির একটি শক্তিশালী অংশ সংসদে যাবে। আমাদের লক্ষ্য নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং গণমানুষের কণ্ঠস্বর হতে পারা।”
আহবায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা ওই সনদে স্বাক্ষর করব না। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন অপরিহার্য। নির্বাচনে শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে। প্রতীক না পেলে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারব না।”
নাহিদ ইসলাম আরও বলেন, “জনগণ আগামী সংসদে নতুন নেতৃত্ব দেখতে চায়। বিতর্কিত কোনো দলের সঙ্গে জোটে যাওয়ার আগে আমরা বহুবার ভাবব। তত্ত্বাবধায়ক সরকারের কোনো ভিত্তি নেই; ড. ইউনুসের অধীনে নির্বাচন হতে হবে। কিছু অদৃশ্য শক্তি আমাদের প্রতীক পেতে বাধা দিচ্ছে।”
তিনি আক্রমণাত্মক ভাষায় বলেন, “আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল নয়। তারা নির্বাচন ঠেকাতে সদা তৎপর। আওয়ামী লীগের ১৪-দলীয় জোট পুনর্বাসনের রাজনীতি চালাচ্ছে। সরকারকে এসব দল ও গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
সংবাদ সম্মেলনের শেষে নাহিদ ইসলাম বলেন, “জনগণ আমাদের সঙ্গে আছে। নতুন দল হিসেবে কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা দ্রুত তা কাটিয়ে উঠব।”
জনতার আওয়াজ/আ আ