না'গঞ্জ ২-আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত বিএনপি’র ৪ তিন দলের একক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জ ২-আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত বিএনপি’র ৪ তিন দলের একক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ

 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে
ছবি: প্রতিনিধি
সংসদীয় আসন নারায়ণগঞ্জ-২। আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত আসনটি। ভোটের সময় সব সময় ব্যতিক্রম এ এলাকার মানুষ। প্রতিটি ভোটে দেখা যায় ভিন্ন উদ্দীপনা। এরই মাঝে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে উপজেলায় বিএনপি’র নেতাকর্মীরা চারভাগে বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তারা প্রত্যেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের মনোনীত একক প্রার্থী মাঠে প্রচারণায় রয়েছেন। আসনটি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি’র দখলে ছিল। কিন্তু ২০০৮ সালের পর থেকে বিতর্কিত নির্বাচনে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের দখলে। তবে অনেকে বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উপজেলাবাসী দল-মত নির্বিশেষে একজন ক্লিনইমেজধারী ও শিক্ষিত প্রার্থীকেই বেছে নেবেন। অতীত ইতিহাস বলে এ আসনে বিএনপি’র অবস্থান শক্ত। কিন্তু ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জামায়াত নিজেদের গুছিয়ে নিয়েছে। গতিশীল সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে আগের তুলনায় বেড়েছে জনসমর্থনও। যদিও ৯১ ও ৯৬ সালের নির্বাচনে জামায়াত প্রার্থী দিয়েও হেরে যায়।

এদিকে, গণ-অভ্যুত্থানের পর বিএনপি’র রাজনীতির পালে নতুন করে হাওয়া লাগে। এর আগে দলীয় কার্যক্রম কিছুটা মন্থর গতিতে চললেও, বর্তমানে দলটির নেতাকর্মীরা বেশ সরব। প্রতিদিনই দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে স্থানীয় বিএনপি চারভাগে বিভক্ত হওয়ায় রাজনীতির মাঠে দ্বন্দ্ব ও সংঘাত হচ্ছে। প্রতিনিয়তই নেতাকর্মীদের মধ্যে বাড়ছে বিরোধ। বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তার পিতা প্রয়াত এমএ বদরুজ্জামান খান খসরু। তিনি ‘জাগোদল’ থেকে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। এই উপজেলায় খসরু একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ২০০৮ সালে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পান। তার মৃত্যুর পর ছেলে মাহমুদুর রহমান সুমন পিতার স্থানটি পূরণ করতে সক্ষম হয়েছেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু বলেন, গত বছরের ৫ই আগস্টের পর তিনি চাঁদাবাজ, সন্ত্রাস ও লুটপাটকারীকে প্রশ্রয় দেননি।
এদিকে, দীর্ঘদিন ধরেই মাঠের রাজনীতিতে বেশ দক্ষতা ও সুনামের সঙ্গে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। তিনি নিজের ক্লিন ইমেজ ধরে রেখেছেন।

তার গতিশীল সাংগঠনিক দক্ষতায় তিনি নেতাকর্মীসহ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন। জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছলাউদ্দিন মোল্লা বলেন, পারভীন বিগত সময়ের আন্দোলন সংগ্রামে রাজপথে বেশ সরব ছিলেন। দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি স্বৈরাচার সরকারের জেল-জুলুম ও নির্যাতনের শিকার। তার নেতৃত্বের প্রতি সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের পূর্ণ আস্থা রয়েছে। ৫ই আগস্টের পর তিনি স্থানীয় বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বেশ সোচ্চার রয়েছেন। অপর মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) নজরুল ইসলাম আজাদ। ৫ই আগস্টের পর উপজেলার বিভিন্ন এলাকায় দলের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করে যাচ্ছেন তিনি। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, নজরুল ইসলাম আজাদ বিগত দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। তিনি দলের জন্য ত্যাগ শিকার করেছেন। তিনি জেল-জুলুমের শিকার। দলের নাম ভাঙিয়ে কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া তালিকায় রয়েছেন- সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ক্লিনইমেজধারী ব্যক্তি হিসেবে আঙ্গুরকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। বিতর্কিত কাউকে মনোনয়ন দিলে ভোটাররা মুখ ফিরিয়ে নেবেন। এ ছাড়াও এ আসনে প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন- জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি অধ্যক্ষ হাবিবুল্লাহ হাবিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আশরাফুল ইসলাম মাহমুদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ