নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচিতে হামলার ঘটনায় ফখরুলের বিবৃতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচিতে হামলার ঘটনায় ফখরুলের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১:৫৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশকে ‘জোর যার মুলুক তার’ বানিয়েছে। আমরা তারই বহিঃপ্রকাশ দেখলাম আজ খামারবাড়িতে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচিতে বর্বর আক্রমণ। এ দেশে নাগরিক নিরাপত্তা এখন চরম অবনতিশীল। আইন, প্রশাসন মানুষকে রক্ষা করতে পারছে না। জনগণ নিজ দেশে পরবাসী হয়ে দিনযাপন করছে।

একদিকে খাদ্যপণ্যের চরম মূল্যবৃদ্ধিতে অসহায় মানুষ অন্ধকার দেখছে, অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানির ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে মানুষ এক গভীর সংকটের মধ্যে পড়েছে। এর ওপর আওয়ামীদের দৌরাত্ম্যে জনগণ এখন দিশেহারা। রাষ্ট্রীয় পেশিশক্তির জোরে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। তবে জনগণের শক্তির কাছে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠীকে অচিরেই মাথানত করতে হবে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে সাকিব আনোয়ারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। সেই সঙ্গে তিনি আহত সাকিব আনোয়ারের আশু সুস্থতা কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ