নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু খালাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু খালাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি

নাটোরের আলোচিত জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. মাইনুদ্দীন এই রায় দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র‌্যালি কর্মসূচিতে নেতাকর্মীরা যাওয়ার সময় নাটোর সদরের তেবাড়িয়া এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী রাকিব ও রায়হান নামে দুইজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর পুলিশ অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, এই মামলায় বাদী পক্ষ আসামিদের শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামি বিএনপি নেতা আ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেন।

খালাস পেয়ে আদালত চত্বরে বিএনপি নেতা দুলু বলেন, রাকিব ও রায়হান বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদলের কর্মী। আওয়ামী লীগের আমলে তাদের হত্যা করে ক্ষমতাসীনরা উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাইকে দিয়ে মামলা করায়।

বিএনপি নেতা দুলু এই জোড়া খুনের মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর দুলুকে আরও তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ