নারায়ণগঞ্জে ১৮ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিকেএমইএ’র অফিস ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৭, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৭, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বকেয়া মজুরী পরিশোধ সহ ১৮ দফা দাবিতে বিকেএমইএ’র অফিস ঘেরাও করে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করছে পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর চাষাঢ়া এলাকায় পোশাক শিল্প কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ কার্যালয়ে অবস্থান করে এই অনশন ধর্মঘট কর্মসূচি করছে শ্রমিকরা। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ এর ব্যানারে প্রায় তিন ঘন্টা ধরে এই অনশন ধর্মঘট পালন করছে তারা।
এর আগে নগরীর চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কওে বিকেএমইএ অফিসে অবস্থান নেয় শ্রমিকরা।
দাবি মানা না হলে এ সময় রাস্তায় নেমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শ্রমিকরা। তারা জানান, ১০ অক্টোবরের মধ্যে নেমকন ডিজাইন, ক্রোনী-অবন্তি সহ সকল গার্মেন্টস এর বকেয়া মজুরী পরিশোধ ও ত্রি-পক্ষীয় ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে আমরা এখানে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করছি। আমাদের কয়েক মাসের বেতন দিচ্ছেনা মালিকরা। বেতন চাইলে হুমকি ধামকি দেয় তারা। এভাবে তো চলে না। আমাদের ঘরে খাদ্য নাই। আমাদের মজুরী পরিশোধ না করলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মাহাবুবুর রহমান ইসমাইল জানান, নারায়ণগঞ্জে কয়েকটি গার্মেন্টস থেকে শ্রমিকরা বিগত কয়েক মাস ধরে যাবৎ বেতন পাচ্ছে না। যার কারনে তারা দুঃখে কষ্টে জীবন যাপন করছেন। বিকেএমইএ, জেলা প্রশাসক, কল কারখানা অধিদপ্তরকে জানানো হয়েছে। প্রত্যেকেই একের পর এক বেতন পরিশোধের তারিখ দিচ্ছে কিন্তু পরিশোধের কোন হদিস নেই।
তিনি আরো বলেন, বিকেএমইএ ১৮ দফা দাবির যে চুক্তি নামা হয়েছে তারা বাস্তবায়নের কোন পদক্ষেপই নিচ্ছে না। শ্রমিকদের দাবির প্রতি এখন তারা কোন লক্ষ্য দিচ্ছে না। এতে করে আমাদের শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। আজকে বিকেএমইএ অফিস ঘেরাও করেছে এখন যে কোন সময় তারা রাস্তায় নেমে যাবে। এর জন্য বিকেএমইএ দায়ী থাকবে। কারন বিকেএমইএ মালিকদের নিয়ন্ত্রন করতে পারচ্ছেনা এবং শ্রমিকদের বেতন পরিশোধ করছে না।
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম জানান, শ্রমিকদের পক্ষ থেকে লিখিত দাবি আমাদের কাছে আসেনি। মৌখিকভাবে যেটা জানানো হয়েছে সেটার জন্য আমরা কাজ করছি এবং দশ তারিখের মধ্যে বেতন দেওয়া হবে। এই ঘোষণা আগেই দেওয়া হয়েছে। জেলা প্রশাসক কাজ করছে আমরা সবাই মিলেই সমাধানের কাজ করছি।
জনতার আওয়াজ/আ আ