নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি
সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহব্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী।
এসময় তারা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাসি দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আসিয়া, আসিয়া আসিয়া’, ’তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড প্রদর্শন করে।
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ৭ বচরের ছোট্ট শিশুর ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য চরম লজ্জাজনক। বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণকারীরা বারবার অপরাধ করছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে দেশের পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে মনে হচ্ছে দেশে কোনো সরকারই নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আর না হলে আমরা কঠোর আন্দোলন ঘোষণা করতে বাধ্য হবো।
এসময়নতিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের আমলে থাকা এসপি ও ডিসিদের বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করা হচ্ছে। এই দোসরদের এসব গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাচ্ছে কারা? দেশে চরম নৈরাজ্য চলছে। এটি সংস্কারের নামে আরেকটি প্রতারণা। আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকায় নারীরা আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। আমরা এর বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো এবং ন্যায়বিচার আদায়ে আন্দোলন চালিয়ে যাবো।
জনতার আওয়াজ/আ আ