নাশকতা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাশকতা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৪, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৪, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

নাশকতা মামলায় বিএনপির চট্টগ্রাম নগর আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে।

মঙ্গলবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী ১৬ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। এ সময় আদালতে ডা. শাহাদাত হোসেন ও আবু সুফিয়ানসহ ৩৬ জন আসামি উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০১৮ সালে নগরীর পাচঁলাইশ থানায় নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচলাইশ থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও যানবাহন ভাঙচুর এবং স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে মিলিত হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় ডা. শাহাদাত হোসেনসহ ৩০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন পাচঁলাইশ থানার তৎকালীন এসআই মো. আশরাফুল কবির। ২০২০ সালের ৩১ অক্টোবর ৪০ জনকে আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

আসামিপক্ষের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বলেন, পাঁচলাইশ থানায় দায়ের করা নাশকতা, বিস্ফোরক, গাড়ি ভাঙচুর ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল মঙ্গলবার। আদালতে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ