নাশকতা রোধে সিলেট রেল স্টেশনে নিরাপত্তা জোরদার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাশকতা রোধে সিলেট রেল স্টেশনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

নাশকতারোধে সিলেট রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রেললাইন কেটে ফেলাসহ ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর এ বিশেষ সংস্থা। সিলেটসহ আশপাশের সবকটি স্টেশনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিলেট রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক।

সংবাদ সম্মেলনে এ কর্মকর্তা বলেন, ট্রেনের যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে স্টেশন এবং বিভিন্ন ট্রেনে র‌্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট বিভিন্ন সময় সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অত্যন্ত সতর্কতার সঙ্গে র‌্যাব-৯ কর্তৃক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে ট্রেনযাত্রার নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-৯ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রেলস্টেশনগুলোতে নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। নাশকতাকারী ও দুষ্কৃতকারীরা যেন কোনো দাহ্য পদার্থ, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য কিংবা অবৈধ মালামাল (মাদক, আগ্নেয়াস্ত্র) ইত্যাদি বহন করতে না পারে সেজন্য র‌্যাব-৯ এর আওতাধীন স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব-৯ এর অধিনায়ক বলেন, র‌্যাব আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের এ কার্যক্রম দেশের সব মহলে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, ট্রেনের যাত্রীদের জানমালের নিরাপত্তা ও রেললাইনের নাশকতারোধে নিরাপত্তা জোরদার ও যে কোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে র‌্যাব-৯ বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলন শেষে সিলেট স্টেশনে অপেক্ষমাণ ট্রেনে এবং প্ল্যাটফর্মে র‌্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ