নিউ সুপার মার্কেটে আগুন : আগুনে পুড়ে স্বপ্ন ছাই ব্যাবসায়ীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর ফাইয়ার সার্ভিসের ৩০টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নিউ সুপার মার্কেটে লাগা আগুন। তবে দীর্ঘক্ষণ লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অনেক পরিবারের স্বপ্ন, অনেক ব্যবসায়ীর তিলে তিলে গড়া ব্যবসা। ঈদের আগেই আগুনের এই নৃশংসতায় ঈদ আনন্দ মাটি হতে চলেছে নিউ সুপার মার্কেট সংশ্লিষ্ট পরিবার গুলোর।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে ধোয়া উড়তে দেখা যায়। এর মধ্যেই ব্যবসায়ীরা নিজ দোকানের ভেতর থেকে অক্ষত যেসকল মালামাল রয়েছে তা বের করে আনার চেষ্টা করছেন।
মার্কেটে লাগা আগুনে ১১ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে আলেয়ার। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১১ লাখ টাকা ঋণ করে ঈদের জন্য মালামাল কিনছিলাম। সব পুড়ে শ্যাস হইয়া গেছে। আমি নিঃস্ব হইয়া গেছি। এখন এই ধারের টাকা ক্যামনে পরিশোধ করুম।
রফিকুল ইসলাম নামে আরেক ব্যবসায়ী বলেন, আমাদের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এখন ঘুরে দেখছি কোনো কূলকিনারা পাওয়া যায় কি না। ঈদুল ফিতর উপলক্ষে আমার পাইকারি দোকানে বিশ লাখেরও বেশি টাকার কাপড় ওঠানো ছিল। আজকে হোলসেল ডেলিভারি দেওয়ার জন্য অনেকগুলো প্যাকেট কমপ্লিট করে দোকানে রেখে রাতে বাসায় গিয়েছিলাম। সকালে এসে দেখলাম সবশেষ। এখন কিভাবে ঘুরে দাঁড়াব সেটি বুঝতে পারছি না।
মহাসিন নামে এক ব্যবসাইয়ী জানান, তার দোকানে ৯ লাখ টাকার মালামাল ছিল। যার সবটাই পুড়ে গেছে। কোনো কিছুই রক্ষা করতে পারেননি।
পাইকারী ব্যবসায়ী রাজু কান্না জড়িত কন্ঠে বলেন, আমারসহ আরও কয়েকজন বন্ধুর চার থেকে পাঁচটা দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে কয়েক লাখ টাকার মালামাল ছিল যা আমি ঈদের মার্কেটে বিক্রিও করেছি। আমাদের সারিতে থাকা সব দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। এইভাবে আগুন লাগলে আমরা বাচুম ক্যামনে? সব পুইড়া গেল!
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফায়ার সার্ভিস সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করছেন। আমরা খেয়াল রাখি যেন কোনো দুষ্কতকারী এই জায়গায় কোন ধরনের ঝামেলা তৈরি করতে না পারে।
অপরদিকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মার্কেট খোলা হবে না বলে জানিয়ে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিকদের কে নিয়ে এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থ্যাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না।
জনতার আওয়াজ/আ আ