নিখোঁজের ৯ ঘণ্টা পর খালে মিলল বিএনপি নেতার মরদেহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের ৯ ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহিন মিয়া রায়পুর গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘কী কারণে শাহিন মিয়ার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
জনতার আওয়াজ/আ আ