নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না: ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১২, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১২, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১২ জুলাই) বিকেলে নগরীর কাজির দেউড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে আগামী ১৬ জুলাই শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কোতোয়ালি থানা বিএনপি এ সভার আয়োজন করে।
ডা. শাহাদাত বলেন, দেশে একটি অবৈধ ও অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করে আছে। এ অবৈধ সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গত ১৫ বছর দেশের মানুষ তাদের নাগরিক অধিকার ভোট প্রয়োগ করতে পারেনি। তারা দিনের ভোট রাতেই নিয়ে ফেলেছে। বিএনপি এ অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। দেশের মানুষও চায়, অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। আমরা বারবার বলে আসছি এ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তাদের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন বিদেশিরাও বলছে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন না হলে, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি জিনিসের মূল্য চরম ঊর্ধ্বগতিতে। সবকিছুই আজ সরকারে নিয়ন্ত্রণের বাইরে। সিন্ডিকেটের মাধ্যমে চলছে সব ব্যবসা-বাণিজ্য। জনগণ সীমাহীন দুর্দশার মধ্যে জীবনযাপন করছে। কিন্তু সরকার দেশের জনগণের কথা ভাবছে না। তারা ভাবছে ক্ষমতায় আবারও কীভাবে টিকে থাকবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর বলেন, আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমিক জনতার সমাবেশকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। এ সরকারের সময় শেষ হয়ে এসেছে। এক দফা আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।
কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, আব্দুল মান্নান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ