নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানে বর্তমানে যেখানে যা কিছুই থাকুক না কেন, তা অকার্যকর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। ৯০-র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপের প্রসঙ্গে টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি যে, আপনি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। কবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যাব, মানুষ ইশারা পেতে চায়। আপনি সংস্কার করবেন অতি অবশ্যই।’

তিনি বলেন, ‘আমরাও সংস্কার চাই। এমন কিছু সংস্কার আছে, যে সংস্কারগুলো নির্বাচনমুখী, একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি, সেই সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে এবং এটা সংক্ষিপ্ত মেয়াদের সংস্কার।’

গণপরিষদ গঠন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ গণপরিষদ গঠনের কথা বলছেন, কেউ সংবিধান পুনর্লিখনের কথা বলছেন। একেক জনের একেক ধরনের চিন্তা থাকতে পারে, অনেক দলেরও থাকতে পারে। কিন্তু বাস্তবতা এবং সেটা বাস্তবায়নে সংস্কারের ওপর সর্বদলীয় একটি ঐকমত্য যখন প্রতিষ্ঠিত হবে, সেসব সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে। সেখানে গণপরিষদতো অপ্রাসঙ্গিক। সেখানে সংবিধান পুনর্লিখন কী সম্ভব।’

তিনি বলেন, ‘যে সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে প্রয়োজনীয় গণমুখী ও গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি যেন প্রতিষ্ঠিত হয় জনগণের, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেই রকম সংস্কারের জন্য আপনারা বলবেন। সবার সঙ্গে আলোচনা করে সাংবিধানিক সংস্কার করতে হবে যেটা করতে নির্বাচিত সংসদ লাগবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ