নির্বাচনি প্রচারণায় বাধা ও বিলবোর্ড ভাঙার নিন্দা তাসলিমা আক্তারের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নিজের নির্বাচনি প্রচারে বাধা ও বিলবোর্ড ভাঙার নিন্দা জানিয়েছেন ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুরনো কায়দায় ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ উপযুক্ত জবাব দেবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নয়াটোলা পার্কে মাথাল প্রতীকের পথসভায় তিনি এসব কথা বলেন।
তাসলিমা আখতার অভিযোগ করেন, গত দুই সপ্তাহে বিজয় সরণি ও নিউ ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় একটি মহল মাথাল প্রতীকের বিলবোর্ড ভেঙে ফেলেছে। এছাড়া ব্যানার সরিয়ে সেখানে অন্য প্রার্থীর ব্যানার লাগানো হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডকে নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন তাসলিমা আখতার। তার জনপ্রিয়তা ভীত হয়ে প্রতিপক্ষ এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন।
গণসংহতি আন্দোলনের এই প্রার্থী জানান, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে এবং দ্রুত লিখিত অভিযোগ জমা দেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্ত শনাক্ত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
পথসভায় তাসলিমা আখতার বলেন, গায়ের জোরে ভোটকেন্দ্র দখলের দিন শেষ হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ সত্যিকারের পরিবর্তন চায়। তাই যারা এখনও পুরনো অপকৌশলের রাজনীতি করতে চান ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দেবেন।
জনতার আওয়াজ/আ আ