নির্বাচনে পরাজয় জেনেই ষড়যন্ত্র করছে বিএনপি : ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে পরাজয় জেনেই ষড়যন্ত্র করছে বিএনপি : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। গতকাল সোমবার মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের চলার পথে গভীর ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধুকন্যাকে হটানোর ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক অপশক্তি এ ষড়যন্ত্র করছে। আসন্ন নির্বাচনে তারা শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। তাই বিএনপির নেতৃত্বে এ ষড়যন্ত্র চলছে।

ওবায়দুল কাদের বলেন, আজ মুজিবনগর দিবসে একদিকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত এবং পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব। এটিই আজকের দিনের অঙ্গীকার।

তিনি বলেন, এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ, যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ। এখন আমাদের অঙ্গীকার ২০৪১ সালের মধ্যে আধুনিক ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণ করব। এর মধ্যে আজ অন্তরায়ও আছে। আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র আছে।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংসদ উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ