নির্বাচনে ১৩ দিন মাঠে থাকতে পারে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ১:৫৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিন সেনা মোতায়েনের এ প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় ইসি।
এর আগে সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠক শেষে এ তথ্য জানান পিএসও।
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ভোটের মাঠে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি মোট ১৩ দিন সেনাবাহিনী থাকার বিষয়ে প্রারম্ভিক আলোচনা হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয়। এ বিষয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন অনুরোধ করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।’
ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ হাজারের ওপরে সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। এবার যদি বেশি প্রয়োজন হয়, সেভাবেই মোতায়েন করা হবে। অবশ্যই সব সময় প্রস্তুতি আছে। গতবার ৩৮৮ উপজেলায় ছিল, সীমান্ত এলাকায় বিজিবি ছিল।’
নির্বাচন কমিশন (ইসি) সেনাবাহিনী চাচ্ছে জানিয়ে পিএসও বলেন, ‘উনারা চাচ্ছেন সেনা মোতায়েন হোক। কীভাবে মোতায়েন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তারা রাষ্ট্রপতির কাছে রিকমেন্ডেশন করবেন। রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত দেন তবে অবশ্যই সেনা মোতায়েন হবে। তারা যেভাবে সহায়তা চাইবেন সেভাবেই সহায়তা করবো।’
তিনি আরও বলেন, ইসি চাচ্ছে সুন্দর ও সুষ্ঠু একটা নির্বাচন হোক। এ ব্যাপারে আমার সন্দেহ নেই। তারা (ইসি) অত্যন্ত সিরিয়াস। সহস্র বাহিনী যদি মোতায়েন হয়, অবশ্যই সহায়তা করবো। এটাই ছিল প্রারম্ভিক আলোচনা। রাষ্ট্রপতি অনুমতি দিলে আমরা অতীতের মতোই আবার ডেপ্লয় হবো। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন হবো।
জনতার আওয়াজ/আ আ