নির্বাচন পর্যবেক্ষণে আসছে ইইউর ৭ সদস্যের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল আসবে। তবে বাংলাদেশ সফরের জন্য প্রতিনিধিদলের খরচ বহন করবে না সরকার। কিন্তু বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদলকে লজিস্টিক সমর্থন দেবে সরকার।
রবিবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ জানিয়েছে তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। এজন্য সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে তারা। এজন্য কোনো টাকা-পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে তাদের আনব না। তবে এখানে আসার পরে যে খরচ হবে, সেটা দেওয়া হবে। তারা দেশের বিভিন্ন জেলায় যাবেন, এজন্য তাদের খাওয়া-দাওয়া এবং যাতায়াতের খরচ দেওয়া হবে।
বেলজিয়ামের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দিনের মধ্যেই বেলজিয়ামের একজন ভিভিআইপি আসছেন বাংলাদেশে। তার এ সফরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দ্বিপাক্ষিক সম্পর্কই বেশি প্রধান্য পাবে। নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে চুক্তিটি হবে।
জনতার আওয়াজ/আ আ