নির্বাচন ভন্ডুল হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে: সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন ভন্ডুল হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ভন্ডুল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে, হানাহানি ও সংঘাত ছড়িয়ে পড়বে, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিপর্যস্ত হবে।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘প্রধান উপদেষ্টা স্বয়ং যখন নির্বাচন বানচালের আশঙ্কা ব্যক্ত করেন তখন বোঝা যায় পরিস্থিতি ভালো নয়।’ কারা নির্বাচন বানচাল করতে চায় দেশবাসীকে সে ব্যাপারে সতর্ক করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ আরও বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানে সরকারের দৃঢ়চিত্ত ভূমিকা থাকলে ও রাজনৈতিক দলসহ সবাইকে আস্থার মধ্যে নিতে পারলে কোনও অপশক্তি নির্বাচন ভন্ডুল করতে পারবে না।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘নানা দলীয় এজেন্ডা হাজির করে যারা দেশে একটা অচলাবস্থা সৃষ্টি করতে চান তারা আসলে দেশের গণতান্ত্রিক উত্তরণকে বিপদগ্রস্ত করে তুলছেন।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি পুরোনো ফ্যাসিবাদী জমানাকে ডেকে আনতে পারে।’

এ সময় তিনি আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগরের অচলাবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, ‘বস্তুত, অভিভাবকহীন অবস্থায় রয়েছে ঢাকা মহানগর। এই মহানগরীর কোনও বাপ মা আছে বলে মনে হয় না। ঢাকা মহানগরীর এখন এতিমের দশা। এখানে নাগরিক সেবা বলে কিছু নেই। শহর দিনে দিনে বিষাক্ত হয়ে উঠছে এবং বাসযোগ্যহীন হয়ে পড়ছে। মহানগর যেন আল্লার ওয়াস্তে চলছে।’ তিনি অনতিবিলম্বে মহানগরে নাগরিক সেবাগুলো নিশ্চিত করার আহ্বান জানান।

মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ফিরোজ আলী, মহানগর কমিটির সদস্য জামাল সিকদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ