নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে: শারমীন এস মুরশিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। সবার কাছে অনুরোধ থাকবে, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোন সহিংসতা না হয়।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণ উপদেষ্টা এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, একটি রাষ্ট্র আমরা পেয়েছি, যেখানে কোনো টাকা ছিল না। কোনো সিস্টেম নেই। দুর্নীতি এমন পর্যায়ে, এতগুলো স্তরবিশিষ্ট যে আমাদের পক্ষে অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন। আমরা দেখেছি, মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছেন, আবার এটাও তো দেখতে পাচ্ছি যে মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে। এক বছরেই আমরা যদি ধৈর্যহীন হয়ে যাই, তাহলে ১৫-১৬ বছরের দুর্নীতি-অনিয়ম কী করে শুধরাব?
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে। যখন ২০২৪-এর জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পর ঢেউ জনসমুদ্রের মতো মুক্তির আহ্বানে মেতে উঠেছিল, সেদিন আমার মনে হয়েছিল যেন স্বয়ং ফেরেশতা নেমে এসেছে।
এই ঢেউটা আমাদের কোথায় নিয়ে যাবে? একটা জিনিস বুঝেছি, সময় পাল্টে গেছে। রাজনীতিকেও পাল্টাতে হবে। আমরা চলে যাব, একটা গভীর আবেদন আমাদেরও থাকবে; রাজনৈতিক দলগুলো সব স্তরের, সব পর্যায়ে মিলেমিশে যেন একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয় দেশের মানুষকে।
মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ