নির্বাচন রোখার হুমকিদাতাদের দেখে নেব : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১৫, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১৫, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
বিএনপির নির্বাচন রুখে দেওয়ার হুমকির জবাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (বিএনপি) হুমকি দিচ্ছে নির্বাচন করতে দেবে না। নির্বাচনে তারা আসবে না, এটা তাদের ইচ্ছা। কিন্তু নির্বাচন করতে দেবে না, রুখে দেবে বলে সংকল্প ব্যক্ত করে, এমন হুমকিদাতাদের আমরাও দেখে নেব। গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচু পাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়। বিএনপির যে কোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি ও তাদের দোসররা নাকি আন্দোলনের ঝড় সৃষ্টি করবে, আর সেই ঝড়ে নাকি সরকারের পতন হবে। বাস্তবতা হচ্ছে বিএনপির ঝড় তোলার কোনো সামর্থ্য নেই। তাই গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতা ঢাকতে চাচ্ছে।
জিয়াউর রহমানের নামে হত্যা মামলা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ মামলা দল বা সরকার করেনি। একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেছেন।
ঘূর্ণিঝড় মোখার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন, প্রশাসনকে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছেন তিনি। আর ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি ও বেসরকারিভাবে প্রস্তুতি ছিল। দলের পক্ষ থেকেও সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকায় সাংগঠনিক নেতাদের করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে। এ ছাড়া কক্সবাজারে দুর্যোগকালীন ইমার্জেন্সি র্যাপিড রেসপন্স ও হেলথকেয়ার টিম গঠন করেছে দলটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটি।
বৈঠকে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল
হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ