নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ

বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক টিকলি শরিফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
জানা যায়, ক্যাম্পাসে সংঘটিত ‘জুলাই অভ্যুত্থানে’ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্রদলের দাবি, টিকলি শরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে ছাত্রদলের কয়েকজন সদস্য তাকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে থাকা একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী-মামুন ও তরিকুলকেও আটক করা হয়।
আটকের পর টিকলি শরিফ বলেন, ‘আমার কাল বুধবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমি লাইব্রেরিতে পড়ছিলাম। সন্ধ্যায় বাইরে বের হলে আমার জুনিয়রদের সঙ্গে দেখা হয়, আমরা চা খেতে গেলে সেখান থেকে আমাদের আটক করা হয়।’
ছাত্রদলের সদস্য মিনহাজুল ইসলাম বলেন, খুলনা মহানগর ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ক্যাম্পাসে এসে গোপন কার্যক্রম চালায় তখন আমার জুনিয়ররা তাকে দেখে, তখন আমরা আটক করে প্রক্টর ম্যামের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, ‘কিছু শিক্ষার্থী আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পরবর্তী ব্যবস্থা পুলিশ আইন অনুযায়ী গ্রহণ করবে।’
জনতার আওয়াজ/আ আ