নুরের ওপর হামলায় সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আমাদের ওপর যে হামলা হয়েছে, এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। সুতরাং, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার। আমরা তো সেনাবাহিনীর পক্ষে সবসময় বক্তব্য দিয়েছি, এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। কিন্তু নুরুল হক নুরের ওপর হামলার পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটা পুনরুদ্ধারের জন্য হলেও দোষীদের বিচার করা দরকার। একইসঙ্গে পুলিশের মধ্যে যারা এই হামলায় জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে ব্যবস্থা হবে।
রবিবার (৩১ আগস্ট) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীরা কতটা নিরাপদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা, ছোট কোনও ঘটনা নয়। এই ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি করেছি। আমরা মনে করি, ফ্যাসিবাদ ও তার দোসরদের এই দেশে রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং, ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।
রাশেদ খান বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেবো না। আমরা চাই, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এই দেশে নির্বাচন হবে। এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।
জনতার আওয়াজ/আ আ