নেতাকর্মীদের উজ্জীবিত করতে চলছে দলীয় সঙ্গীত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেতাকর্মীদের উজ্জীবিত করতে চলছে দলীয় সঙ্গীত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা তারুণ্যের সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দুপুর ২টায় এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সমাবেশের সময় যতই ঘনিয়ে আসছে ততই নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠছে ঐতিহাসিক এই উদ্যান। আর সমাবেশে আসা নেতা কর্মীদের উজ্জীবিত করতে চলছে প্রতিবাদী ও দলীয় সঙ্গীত।

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে গান শুরু হয়। এই মঞ্চে থেকে কবিতাও পাঠ করা হয়েছে। বিএনপির নেতা ইথুন বাবুর নেতৃত্বে এ সঙ্গীত পরিবেশন করা হচ্ছে।

দুপুর ২টার পর থেকেই ঐতিহাসিক এই উদ্যানে যৌথভাবে সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজকের সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

তারুণ্যের এ সমাবেশে সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনায় থাকবেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন তারা। বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে ঢাকা, কুমিলা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তরুণরা এই সমাবেশে অংশ নিবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, মঞ্চ তৈরী করা শেষ হয়েছে। লাগানো হয়েছে মাইক। ব্যানার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ।

উল্লেখ্য, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেয়ার জন্য উজ্জীবিত করতেই দেশের ৬ বিভাগে এই কর্মসূচি পালনে ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে, রাজশাহী ও রংপুর বিভাগের একত্রে বগুড়ায়, বরিশালে এবং সিলেটে ও খুলনা বিভাগে এই কর্মসূচি পালন করেছে। আজ ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ , ফরিদপুর বিভাগ এই সমাবেশ করার মধ্যে দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ