নেতাকর্মীদের মুক্তি না দিলে ঠাকুরগাঁওয়ে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে শহরের চৌরাস্তা, তাতীপাড়া ও কালীবাড়ি সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। গণমিছিল শেষে কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হন।
গণমিছিল শেষে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এ সরকারের পায়ের নিচে মাটি নেই। এজন্য পুলিশকে দিয়ে আমাদের দমানোর চেষ্টা করছে। তারা বলছে খেলা হবে খেলা হবে। এটি বলে তারা আমাদের নেতাকর্মীদের হত্যার খেলায় মত্ত হয়ে উঠেছে।
বিএনপির মহাসচিবসহ নেতাকর্মীদের ছেড়ে দেওয়া না হলে এর চেয়েও কঠিন আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
জনতার আওয়াজ/আ আ