নেত্রকোণায় স্কুল থেকে ফেরার পথে বখাটের কোপে শিক্ষার্থী নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেত্রকোণায় স্কুল থেকে ফেরার পথে বখাটের কোপে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নেত্রকোণার বারহাট্টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক বখাটের কোপে মুক্তি বর্মণ (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রী মারা গেছেন। উপজেলার ছালিপুরা এলাকায় মঙ্গলবার (২ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তি বর্মণ উপজেলার প্রেমনগর গ্রামের নিখিল বর্মণের মেয়ে এবং স্থানীয় প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, নিহত স্কুলছাত্রীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও নিহত স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, মুক্তি বর্মণকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার মিয়া। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছিল। এ অবস্থায় মঙ্গলবার বিদ্যালয় থেকে ফেরার পথে মুক্তিকে কুপিয়ে আহত করে কাউছার। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মুক্তির সহপাঠীরা জানায়, বিকেল পৌনে ৩টার দিকে বিদ্যালয় থেকে তারা একসঙ্গে বাড়িতে ফিরছিল। বিদ্যালয়ের প্রায় দুই কিলোমিটার দূরে ছালিপুরা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কাউছার দা দিয়ে মুক্তিকে কোপাতে শুরু করে। এ সময় তারা ভয় পেয়ে দৌড় দেয় এবং চিৎকার করতে শুরু করে। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ বলেন, দরিদ্র পরিবারের মেয়ে মুক্তি। মেয়েটি শান্ত ও মেধাবী ছিল। সে মানবিক শাখার ছাত্রী ছিল। বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা বখাটে তরুণকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ